নোয়াখালীতে বিশ্ববিদ্যালয়ছাত্রকে চাপা দেওয়া ট্রাকচালক আটক

নোয়াখালীতে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্র নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মোহাম্মদ মামুন হোসেন
ছবি: প্রথম আলো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অজয় মজুমদারকে চাপা দেওয়ার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালকে আটক করেছে পুলিশ। তাঁর নাম মো. মামুন আলী (৫৮)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাঁকে আটক করে।

জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রাত ১০টার দিকে প্রথম আলোকে তিনি বলেন, দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যুর পরপরই জেলা পুলিশের একাধিক দল অভিযুক্ত ট্রাকচালককে আটক করতে অভিযানে নামে। পরে রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা এলাকা থেকে ট্রাকচালককে আটক করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ছাত্র অজয় মজুমদারকে চাপা দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি আগেই আটক করা হয়েছে। ছাত্র নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় আটক ট্রাকচালককে গ্রেপ্তার দেখানো হবে।