নোয়াখালীতে হামলার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার আরও ৮
নোয়াখালীর বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ, দোকান, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ইমরান হোসেন নামের একজনের কাছ থেকে রাম ঠাকুরের আশ্রম থেকে লুট করা ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে মাধ্যমের এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। তিনি জানান, বেগমগঞ্জে মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গত ২৪ ঘণ্টায় সিলেট, হবিগঞ্জ ও নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরও আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী আছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালী সদর উপজেলার ৭ নম্বর ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুমন, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা মিরওয়ারিশপুর এলাকার বিএনপিকর্মী মো. ইউসুফ, হাতিয়া পৌরসভা বিএনপির প্রচার সম্পাদক সিরাজুল হক, বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিমপুরের ইমরান হোসেন ও মো. রনি, চৌমুহনী পৌরসভার হাজীপুরের আখতারুজ্জামান, সোনাইমুড়ী উপজেলার রশিদপুর গ্রামের রবিউল হোসেন ও লক্ষ্মীপুর সদর উপজেলার সর্বত্র গ্রামের সাহেদুল ইসলাম।
মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে ইমরান হোসেন ও মো. রনিকে হবিগঞ্জ জেলা এবং রবিউল হোসেনকে সিলেট জেলা থেকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ইমরান হোসেনের কাছ থেকে রাম ঠাকুর আশ্রম থেকে লুট করা ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলায় মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ২৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মামলা করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। এসব মামলায় এখন পর্যন্ত ২০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে এজাহারভুক্ত আসামি ৯০ জন। আর বাকি ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন আসামি হিসেবে।
গ্রেপ্তার আসামিদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ১০ জনকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। তাঁদের মধ্যে আজ মঙ্গলবার আলী আজগর, নুরুল ইসলাম ও নুরুল ইসলাম ওরফে জীবনের রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা আছে।
কুমিল্লায় মন্দিরে পবিত্র কোরআন রাখার খবরের জেরে ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নোয়াখালী জেলার বেগমগঞ্জ, চৌমুহনী, চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ, হাতিয়া ও কবিরহাট উপজেলায় বেশ কিছু মন্দির, পূজামণ্ডপ, দোকানপাট, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।