নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবজাতক
প্রতীকী ছবি

নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে দুদিন বয়সী একটি নবজাতক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত আটটার দিকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নবজাতকের মা জুলেখা বেগম অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ একজনকে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করেছে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম দেন জুলেখা বেগম (৩৫)। এরপর তিনি হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। বুধবার রাত আটটার দিকে জুলেখা শৌচাগারে যান। কিছুক্ষণ পর সেখান থেকে ফিরে এসে দেখেন, নবজাতক নেই। তাৎক্ষণিক বিষয়টি ওয়ার্ডের দায়িত্বে থাকা নার্স ও আয়াদের জানানো হয়। পরে হাসপাতালের বিভিন্ন ফ্লোর ও কক্ষে খুঁজেও নবজাতকটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সুধারাম থানাকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে এবং হাসপাতালের সামনে থেকে মো. তুহিন (৩৬) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তবে তাঁর কাছ থেকে নবজাতক চুরির বিষয়ে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

জুলেখা বেগমের স্বামীর প্রথম সংসারের মেয়ে রুনি আক্তার বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, তাঁর মা মারা গেছেন। পরে পরিবারের লোকজন বাবা আবদুল মালেককে আবার বিয়ে করান। এ সংসারে ছেলে নবজাতকের জন্মে পরিবারের সবাই খুশি হন। চুরি যাওয়া নবজাতককে ফিরে পেতে তাঁরা পুলিশের সহযোগিতা চান।

নবজাতক চুরি যাওয়ার কথা স্বীকার করেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম। প্রথম আলোকে তিনি বলেন, পুলিশ নবজাতককে উদ্ধারের বিষয়টি দেখছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধারের চেষ্টা চলছে।