নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতের জের ধরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন
ছবি: প্রথম আলো

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে কর্তব্যরত দুই আনসার সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। বিকেল তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলছিল।

হামলার শিকার দুই আনসার সদস্য হলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ছিদ্দিক উল্যাহর ছেলে মো. মিল্লাত হোসেন (৪২) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দানোয়া গ্রামের রুস্তম আলীর ছেলে মো. মুনছুর (২৮)।

হাসপাতালের কর্মচারী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টার দিকে হাসপাতালের প্রধান ফটকে যানজট নিরসনে মিল্লাত হোসেন ও মুনছুর দায়িত্ব পালন করছিলেন। এ সময় হাসপাতালের ফটকের সামনে সিএনজিচালিত অটোরিকশা রাখা নিয়ে কয়েকজন চালকের সঙ্গে ওই দুই আনসার সদস্যের বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে আকস্মিকভাবে এক দুর্বৃত্ত ধারালো ছুরি দিয়ে দুই আনসার সদস্যকে এলোপাতাড়িভাবে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা দুই আনসার সদস্যকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আহত দুজনের মধ্যে মিল্লাত হোসেনের অবস্থা সংকটাপন্ন। অন্যজনের অবস্থাও গুরুতর।

হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, মিল্লাতের অবস্থা সংকটাপন্ন। ঢাকায় নেওয়া ঝুঁকিপূর্ণ দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নোয়াখালীতেই তাঁর অস্ত্রোপচার চলছে। আহত অপর আনসার সদস্যকেও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

এদিকে এ ঘটনার জের ধরে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন। পরে তাঁদের সঙ্গে অন্য কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতিতে যোগ দিয়েছেন। এতে হাসপাতালের বর্হি বিভাগে রোগী দেখা বন্ধ হয়ে গেছে। ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারী ও ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের প্রধান ফটকে এসে অবস্থান নেন। তাঁরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে

হাসপাতালের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের প্রধান ফটকের সামনে এবং আশপাশে সব সময় সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও রিকশা দাঁড়িয়ে থাকায় প্রায়ই যানজট লেগে থাকে। এতে অনেক সময় মুমূর্ষু রোগীদের হাসপাতালের আনা-নেওয়ায় বিড়ম্বনার শিকার হতে হয়।

সুধরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, হাসপাতালের ফটকে দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।