নোয়াখালী জেলা আ.লীগের কমিটি সব লুটেপুটে খাচ্ছে: সাংসদ একরামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলার প্রাথমিক সহকারী শিক্ষকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর আলোচিত সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বলেছেন, জেলা আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করছে আহ্বায়ক কমিটি। এ কমিটি সব লুটেপুটে খাচ্ছে। আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম একজন ‘অত্যাচারী’। তিনি নিজেকে জনপ্রিয় দাবি করলেও তাঁকে এ অঞ্চলের মানুষ পছন্দ করেন না।

আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে একরামুল করিম এসব কথা বলেন। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

সাংসদের বক্তব্যের বিষয়ে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘উনি (একরামুল) যদি আমাকে অত্যাচারী বলে থাকেন, আমার কী করার আছে। আমি তো ওই সভায় ছিলামও না। তাঁর বক্তব্যও শুনিনি।’

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলার প্রাথমিক সহকারী শিক্ষকেরা ওই মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় প্রধান অতিথি ছিলেন একরামুল করিম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন। সভাপতিত্ব করেন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকদের সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিন পাটোয়ারী।

বক্তব্যে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিহাব উদ্দিনেরও সমালোচনা করেন একরামুল করিম। শিহাব উদ্দিন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। একরামুল করিম বলেন, সাবেক চেয়ারম্যান (শিহাব) তিন-পাঁচ লাখ টাকা ঘুষ নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন নিয়োগ দিয়েছেন। একটা গরিব লোক যদি তিন-পাঁচ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেন, তখন তো তিনি এ চাকরি করে সংসার চালাতে পারবেন না। এর ফলে তিনি পিয়নগিরি না করে ধানাইপানাই করবেন, শিক্ষকদের কথা শুনবেন না।

জেলা আওয়ামী লীগ নিয়ে সাংসদের করা অভিযোগ প্রসঙ্গে শিহাব উদ্দিন আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘গত ১৩ বছরে উনি (সাংসদ) কী করেছেন, আর আমরা গত ছয় মাসে কী করেছি, তা দুদক দিয়ে তদন্ত করান, তাহলেই আসল সত্যটা বের হয়ে আসবে। একজন আরেকজনের বিপক্ষে বলা লাগবে না।’

প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী (পিয়ন) নিয়োগে ঘুষের অভিযোগের বিষয়ে শিহাব উদ্দিন বলেন, প্রাথমিক বিদ্যালয়, উপজেলা পরিষদের পিয়ন নিয়োগসহ সবকিছুর সভাপতি হলেন ইউএনও। আর পিয়ন নিয়োগের আইন অনুযায়ী, কমিটিতে সাংসদের একজন প্রতিনিধিও থাকেন। আবার ওই কমিটির সদস্যসচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা। সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কোনো সম্পর্ক নেই।

শিহাব উদ্দিন বলেন, ‘কেউ যদি বলে, আমি একটা চকলেট কারও কাছ থেকে খেয়েছি, আমি রাজনীতি ছেড়ে দেব। আর প্রমাণ করতে না পারলে আমি মানহানির মামলা করব।’

শিহাব উদ্দিন পাল্টা অভিযোগ করেন, ‘উনি (সাংসদ একরামুল) সুবর্ণচর ও সদরের প্রতিটি মসজিদ নির্মাণে ৬৫ লাখ করে টাকা নিয়েছেন। যে লোক মসজিদ নির্মাণে টাকা নেন, তাঁর মুখে এ ধরনের কথা শোভা পায় না।’

সাংসদ একরামুল করিম চৌধুরী টানা ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনেও তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ওই কমিটি অনুমোদনের আগেই গত বছরের ৩০ সেপ্টেম্বর সম্মেলনে ঘোষিত কমিটি ভেঙে দিয়ে ৮৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। এতে আহ্বায়ক করা হয় ভেঙে দেওয়া কমিটির সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে। আর দুই যুগ্ম আহ্বায়ক করা হয় শিহাব উদ্দিন ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খানকে।