নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার স্থানীয় সরকার শাখার সামনে থেকে বেগমগঞ্জ উপজেলার হাটবাজার ইজারার দরপত্রের সিডিউল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা সন্দেহভাজন কয়েকজনকে আটক করলেও পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ছিনতাইয়ের শিকার সুমি আক্তার অভিযোগ করে বলেন, মঙ্গলবার বেলা একটার দিকে তিনি তাঁর খালাতো ভাই মো. সোলেমানের নামে কেনা বেগমগঞ্জ উপজেলার একলাশপুর বাজারের দরপত্রের সিডিউল জমা দিতে জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলায় যান। এ সময় স্থানীয় সরকার বিভাগের ফটকে রাখা বাক্সে সেটি ফেলতে গেলে সেখানে উপস্থিত সাত-আটজন অজ্ঞাতনামা যুবক তাঁর হাত থেকে সিডিউল ও পাঁচ লাখ টাকার ব্যাংক ড্রাফট ছিনিয়ে নিয়ে যান। তখন ওই যুবকদের সঙ্গে তাঁর ধস্তাধস্তির ঘটনাও ঘটে। তখন তাঁর চিৎকারে কার্যালয়ের লোকজন ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করেন।

দরপত্রের সিডিউল ছিনতাইয়ের ঘটনার বিষয়ে জানতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। তবে কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, একজন নারীর কাছ থেকে দরপত্রের সিডিউল ছিনতাইয়ের ঘটনার পর কার্যালয়ের লোকজন সন্দেহভাজন পাঁচ যুবককে আটক করেন। পরে তাঁদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দরপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল বেলা দুইটা পর্যন্ত। দুইটার পর আমরা তা ক্লোজ করে বেগমগঞ্জ পাঠিয়ে দিয়েছি। দুইটা পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।’ পরে সন্ধ্যা ছয়টার দিকে কেউ একজন দরপত্রের সিডিউল ছিনতাইয়ের একটি অভিযোগ তাঁর কার্যালয়ে দিয়ে গেছেন বলে তিনি শুনেছেন।

প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি বেগমগঞ্জ উপজেলার ২৬টি হাটবাজারের ইজারার দরপত্র আহ্বান করে একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত প্রথম ডাকের দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। আগামী ১ মার্চ দ্বিতীয় ও ৮ মার্চ তৃতীয় ডাক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।