নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয় ইউনিয়নে কঠোর লকডাউন
করোনা সংক্রমণ অব্যাহতভাবে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। কাল শনিবার সকাল ৬টা থেকে ১১ জুন রাত ১২টা পর্যন্ত এ কঠোর লকডাউন কার্যকর থাকবে। আজ শুক্রবার বিকেলে জেলা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয়। জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চলছে।
সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, লকডাউন চলাকালে নোয়াখালী পৌরসভা সীমানার ভেতর সব ধরনের যানবাহন, দোকানপাট, শপিং মল, চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী গাড়ি, সরকারি প্রতিষ্ঠানের গাড়ি ও অনুমোদিত গাড়ি চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে না। এ ছাড়া সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। ওষুধের দোকান স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। খাবারের দোকান থেকে খাবার কিনে নিয়ে খাওয়া যাবে।
জেলা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, বিকেলে সংক্রমণ প্রতিরোধ কমিটির বৈঠকে জেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়ন লকডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
লকডাউনের আওতাধীন এলাকাগুলো হলো নোয়াখালী পৌরসভা এবং সদর উপজেলার কাদিরহানিফ, নোয়ান্নই, বিনোদপুর, নোয়াখালী ইউনিয়ন, নেয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়ন।
সিভিল সার্জন বলেন, লকডাউনের আওতাধীন এলাকাগুলো হলো নোয়াখালী পৌরসভা এবং সদর উপজেলার কাদিরহানিফ, নোয়ান্নই, বিনোদপুর, নোয়াখালী ইউনিয়ন, নেয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়ন। এসব ইউনিয়নের অভ্যন্তরে সব ধরনের দোকানপাট, যানবাহন বন্ধ থাকবে। বাইরের কোনো এলাকা থেকে পণ্যবাহী গাড়ি ছাড়া কোনো যানবাহন এসব এলাকায় প্রবেশ করতে পারবে না। লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে সংক্রমণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।
জেলা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ৫ জুন সকাল ৬টা থেকে ১১ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। লকডাউন চলাকালে পৌরসভা এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সার্ভিসে নিয়োজিত গাড়িগুলো লকডাউনের আওতার বাইরে থাকবে। জেলা শহরের সোনাপুর বাসস্ট্যান্ড সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে পৌরসভার বাইরের এলাকা থেকে দূরপাল্লার গাড়ি যাত্রী পরিবহন করতে পারবে।
প্রায় দুই সপ্তাহ ধরে নোয়াখালীতে করোনা সংক্রমণ বেড়ে চলছে। এর মধ্যে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে সংক্রমণের হার সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৮ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৬ শতাংশ। সর্বশেষ শনাক্ত হওয়া ১১৪ জনের মধ্যে সদর উপজেলার বাসিন্দাই ৭৮ জন। বাকিরা জেলার অন্যান্য উপজেলার বাসিন্দা।