নোয়াখালী পৌরসভা ও সদরের ছয় ইউনিয়নে লকডাউন এক সপ্তাহ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার বিস্তার ঠেকাতে নোয়াখালী পৌরসভা এবং সদর উপজেলার ৬টি ইউনিয়নে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন
প্রতীকী ছবি

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকায় নোয়াখালী পৌরসভা এবং সদর উপজেলার ৬টি ইউনিয়নে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী চলমান লকডাউন আগামীকাল শুক্রবার রাত ১২টায় শেষ না হয়ে ১৮ জুন রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ কমিটির এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানোর তথ্য নিশ্চিত করেন জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। প্রথম আলোকে তিনি বলেন, মেয়াদ বাড়ানোর পাশাপাশি আরও কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলতে দেওয়া হবে না।

বৈঠক সূত্রে জানা গেছে, লকডাউন চলাকালে নোয়াখালী পৌরসভা সীমানার ভেতর সব ধরনের যানবাহন, দোকানপাট, শপিংমল, মানুষের চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী গাড়ি ও সরকারি প্রতিষ্ঠানের গাড়ি এবং অনুমোদিত গাড়ি চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে না। এ ছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। ওষুধের দোকান স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। খাবারের দোকান থেকে খাবার কিনে নিয়ে খাওয়া যাবে।

সূত্র জানায়, লকডাউনের আওতাধীন এলাকাগুলো হলো নোয়াখালী পৌরসভা এবং সদর উপজেলার কাদিরহানিফ, নোয়ান্নই, বিনোদপুর, নোয়াখালী ইউনিয়ন, নেয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়ন। এসব ইউনিয়নের অভ্যন্তরে সব ধরনের দোকানপাট, যানবাহন বন্ধ থাকবে। বাইরের কোনো এলাকা থেকে পণ্যবাহী গাড়ি ছাড়া কোনো যানবাহন এসব এলাকায় প্রবেশ করতে পারবে না।

জেলার সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, বৈঠকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে স্বাস্থ্য বিভাগ। সে অনুযায়ী নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়ন লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়।

প্রায় তিন সপ্তাহ ধরে নোয়াখালীতে করোনাভাইরাস শনাক্তের হার ২০ শতাংশের ওপরে। ৩ জুন সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ৭৬ শতাংশ। উদ্ভূত পরিস্থিতিতে ৫-১১ জুন এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৮৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ০১ শতাংশ। আক্রান্ত লোকজনের বেশির ভাগই সদর উপজেলার বাসিন্দা।