নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন আবদুল বাকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মোহাম্মদ আবদুল বাকী
ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবদুল বাকী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সহ-উপাচার্য হিসেবে তাঁর এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক মোহাম্মদ আবদুল বাকী। প্রথম আলোকে তিনি বলেন, আজই তিনি মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন। চলতি মাসের মধ্যেই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।

বিশ্ববিদ্যালয়টির প্রথম সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক মো. আবুল হোসেন। তিনি ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর সহ-উপাচার্যের পদটি শূন্য ছিল। নতুন নিয়োগ পাওয়া সহ-উপাচার্য ওই পদে স্থলাভিষিক্ত হলেন।