নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আগুন, তদন্ত কমিটি গঠন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে পাঁচতলা ভবনের চতুর্থ তলার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগে আগুন লাগে।
অগ্নিকাণ্ডে দুজন আহত হয়েছেন ও কক্ষ দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে মাইজদী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মাইজদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আফসার উদ্দিন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা প্রশাসনিক ভবনের চতুর্থ তলার এমআইএস বিভাগের কম্পিউটার কক্ষে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কম্পিউটার কক্ষ ছাড়াও পাশের আরেকটি কক্ষ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সকাল সোয়া ৯টার দিকে প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন আহত হয়েছেন। তাঁদের নাম-পরিচয় পরে জানাবেন বলে জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রথম আলোকে বলেন, শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের কম্পিউটার কক্ষসহ দুটি কক্ষ ও ডিনের কার্যালয়ের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।