নোয়াখালীতে অটোরিকশা ও ইজিবাইকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালী শহরে চলাচলকারী অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এসব যানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বুধবার জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ের আবদুল মালেক উকিল সড়কে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, কর্মসূচি পালন উপলক্ষে সকাল থেকে শহরের টাউন হল মোড়ে জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।
মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেন, মাইজদী-সোনাপুর রুটসহ বিভিন্ন পথে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আগে মাইজদী থেকে সোনাপুর পর্যন্ত ১০ টাকা করে ভাড়া রাখা হতো। এখন ২০ টাকা রাখে। চাহিদামতো ভাড়া না দিলে যাত্রীদের হয়রানি করা হচ্ছে। শিক্ষার্থীদের কাছ থেকেও অর্ধেক ভাড়া রাখা হচ্ছে না।
এ সময় বক্তারা তাঁদের কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। সেগুলো হলো, শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নির্ধারণ করতে হবে। প্রতিটি রুটে সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের ভাড়া সরকারিভাবে নির্ধারণ করতে হবে। প্রতিটি সিএনজি অটোরিকশার পেছনে কিলোমিটার অনুযায়ী ভাড়ার তালিকা প্রকাশ করে লাগাতে হবে। সোনাপুর থেকে চৌমুহনী পর্যন্ত সিটি সার্ভিস চালু করতে হবে। যেখানে সেখানে অটোরিকশার পার্কিং বন্ধ করতে হবে। এ ছাড়া সাধারণ শিক্ষার্থী ও যাত্রীদের হয়রানির প্রতিরোধে প্রশাসনের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রনেতা ফারুক আল ফাহাদ, ফেরারী নেটওয়ার্কের স্বেচ্ছাসেবী ফাতেমা আক্তার, মানবিক ব্লাড ফাউন্ডেশনের সহসভাপতি রাকিব হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক আবদুর রহমান, যুবনেতা মুহাম্মদ আবদুল্যাহ আল মাসউদ প্রমুখ।