নোয়াখালীতে অটোরিকশা-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নোয়াখালীর চাটখিল উপজেলার ১১ নম্বর পোল এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে চাটখিল-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সুলতানা আক্তার (২০) ও মোহাম্মদ ইদ্রিস (৪০)। তবে আহত ব্যক্তির নাম জানা যায়নি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টার সময় যাত্রীবাহী একটি অটোরিকশা চাটখিল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাক্টরের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সুলতানা আক্তার ও চালক মোহাম্মদ ইদ্রিস ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।