নোয়াখালীতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ৪
নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আফানিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন অটোরিকশাচালক মো. পারভেজ (২৮) এবং যাত্রী মামুনুর রহমান (৪৫) ও জসিম উদ্দিন (২৬)। এ দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা অপর ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। নিহত ব্যক্তিদের লাশ নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আফানিয়া রাস্তার মাথা এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ও তিন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং হাইওয়ে পুলিশকে খবর দেন।
তাৎক্ষণিকভাবে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজ, জসিম উদ্দিন ও অজ্ঞাতনামা একজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত মামুনুর রহমানকে একই হাসপাতালে ভর্তি করার ঘণ্টাখানেকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম প্রথম আলোকে বলেন, সোনাইমুড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনকে মৃত অবস্থায় রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে আনা হয়। এ ছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। পরে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ব্যক্তিদের লাশ নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। নিহত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনেরা অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।