নোয়াখালীতে অনুমোদনহীন হাসপাতালে তালা দিলেন সিভিল সার্জন
নোয়াখালী সোনাইমুড়ীতে অনুমোদনহীন একটি চক্ষু হাসপাতাল বন্ধ করে দিয়েছেন জেলা সিভিল সার্জন চিকিৎসক মাসুম ইফতেখার। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় তিনি আকস্মিক অভিযান চালিয়ে হাসপাতালটিতে তালা ঝুলিয়ে দেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ছাতারপাইয়া-চৌমুহনী সড়কের পাশে কাশিপুর দক্ষিণ বাজারে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই স্থানীয় একটি চক্র ‘কাশিপুর চক্ষু চিকিৎসালয়’ নামের সাইনবোর্ড দিয়ে অবৈধভাবে হাসপাতাল ব্যবসা শুরু করেন। গোপন সংবাদে বিষয়টি জানার পর আজ দুপুরে সিভিল সার্জন নিজেই ওই হাসপাতালে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ওই হাসপাতালের লোকজন সরকারি অনুমোদনের কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেননি। তা ছাড়া সেখানে কোনো চক্ষু চিকিৎসক, সেবিকা, ওয়ার্ডবয়সহ সংশ্লিষ্ট বিষয়ে পাস করা কোনো জনবল পাওয়া যায়নি।
জেলা সিভিল সার্জন চিকিৎসক মাসুম ইফতেখার অভিযানের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বেলা তিনটায় বলেন, গ্রামের ভেতর চক্ষু হাসপাতাল নাম দিয়ে এভাবে মানুষের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা কল্পনাও করা যায় না। তিনি গোপন সংবাদের ভিত্তিতে এ সম্পর্কে তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করে হাসপাতালটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন।
কয়েক মাস আগে কাশিপুর দক্ষিণ বাজারে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই স্থানীয় একটি চক্র ‘কাশিপুর চক্ষু চিকিৎসালয়’ নামের সাইনবোর্ড দিয়ে অবৈধভাবে হাসপাতাল ব্যবসা শুরু করেন।
বন্ধ করে দেওয়া চক্ষু হাসপাতালের বিপণন ব্যবস্থাপক মো. জামসেদ সরকারি অনুমোদন না নিয়েই চক্ষু হাসপাতালের ব্যবসা শুরুর কথা স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, প্রবাসী খোরশেদ আলম ও তিনিসহ কয়েকজন মিলে কিছুদিন আগে হাসপাতালটি চালু করেছেন। সরকারি অনুমোদনের জন্য যোগাযোগ শুরু করেছেন। আজ সিভিল সার্জন তালা ঝুলিয়ে দেওয়ায় এখন আপাতত চিকিৎসা বন্ধ থাকবে বলে জানান তিনি।
জেলা স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র জানায়, নোয়াখালী জেলা শহরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল সড়কের দুই পাশে নানা নামে ব্যাঙের ছাতার মতো একের পর এক বেসরকারি হাসপাতাল গড়ে উঠছে। জেলা প্রশাসন কিংবা সিভিল সার্জনের কার্যালয় থেকে কালেভদ্রে অভিযান পরিচালনা করে অনুমোদনহীন অবৈধ হাসপাতাল বন্ধ করে দেওয়া হলেও তাদের শক্ত সিন্ডিকেট থাকায় কয়েক দিনের মাথায় আবার প্রতিষ্ঠান খুলে দিব্যি তারা ব্যবসা চালিয়ে যায়। তাই এসবের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা জরুরি।