নোয়াখালীতে আইসোলেশন সেন্টারে আসার পরপরই বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আইসোলেশন সেন্টারে নিয়ে আসার ১০ মিনিটের মাথায় জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। তিনি উপজেলার চরকিং ইউনিয়নের বাসিন্দা। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, ওই ব্যক্তিকে একদিন আগে (বৃহস্পতিবার) চট্টগ্রাম থেকে গুরুতর অসুস্থ অবস্থায় গ্রামের বাড়িতে নিয়ে আসেন তাঁর ছেলে। এরপর স্বাস্থ্য বিভাগের লোকজন খবর পেয়ে শুক্রবার দুপুরে তাঁর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেন এবং নমুনা সংগ্রহ করেন।

স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, শুক্রবার রাতে ওই ব্যক্তির অবস্থার অবনতি ঘটে। খবর পাওয়ার পর রাত ১টা ৫ মিনিটে স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁকে উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে নিয়ে আসেন। সেখানে এনে চিকিৎসা-সেবা শুরুর দশ মিনিটের মধ্যেই তিনি মারা যান। ওই ব্যক্তির বাড়ি ইতিমধ্যে লকডাউন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য কর্মকর্তা।

এ নিয়ে জেলায় গত দুই সপ্তাহে করোনার উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হলো। এর মধ্যে সেনবাগ উপজেলায় তিনজন, বেগমগঞ্জ উপজেলায় তিনজন, হাতিয়ায় একজন, সুবর্ণচরে একজন ও সদর উপজেলায় একজন। এর মধ্যে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মারা যাওয়া একজনের মরদেহের নমুনা পরীক্ষা করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল।