নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
নোয়াখালীতে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. আবুল হাশেম (৫০) ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পরিবারের ধারণা, আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও দলীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, শনিবার রাত ১২টার দিকে আবুল হাশেম স্থানীয় বাংলাবাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছার পর গ্রামের রাস্তায় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় লোকজন সড়কের ওপর তাঁকে পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে রাত সোয়া একটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আবুল হাশেমের পেটে ও বুকের বাঁ দিকে শটগানের গুলির আঘাত ছিল। আঘাতের ধরন দেখে তাঁরা ধারণা করছেন, খুব কাছে থেকে তাঁকে গুলি করা হয়েছে।
নিহত আবুল হাশেমের ছোট ভাই মো. জহির গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এলাকার একটি নারী নির্যাতনের ঘটনায় তাঁর ভাই নির্যাতিত পরিবারের পক্ষ নেন। ওই ঘটনায় জড়িত ব্যক্তিরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তা ছাড়া ওই ব্যক্তিদের সঙ্গে তাঁর ভাইয়েরও বিরোধ রয়েছে। এর জের ধরে তাঁর ভাই খুন হতে পারেন বলে তিনি ধারণা করছেন।
এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, কারা কী কারণে আবুল হাশেমকে গুলি করে হত্যা করেছে, তা এখনো স্পষ্ট নয়। উপজেলা আওয়ামী লীগের আরেক নেতা আতাউর রহমান বলেন, আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগে বিরোধ নেই। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে বিষয়টি বোঝা যাবে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী ঘটনাটি রাজনৈতিক নয়। স্থানীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। তিন-চারটি বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু হয়েছে।