নোয়াখালীতে আগুন পুড়ল ১০টি দোকান
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভূঁইয়ার হাটের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। এ সময় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দুটি ওষুধের দোকান, তিনটি চায়ের দোকান, একটি খাবারের দোকান, একটি হোমিও ওষুধের দোকান, একটি সেলুন, একটি কীটনাশকের দোকান ও একটি কুলিং কর্নার পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, চায়ের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।