নোয়াখালীতে আজ আ.লীগের সমাবেশ, দাওয়াত পাননি সাংসদ একরামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। শহরজুড়ে মোতায়েন করা হয়েছে ২০০ পুলিশ সদস্য। ছবিটি সকালে শহরের টাউনহল মোড়ে তোলা
ছবি: প্রথম আলো

নোয়াখালীর রাজনীতির একসময়কার হর্তাকর্তা, বর্তমান সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় গত বছরের ৩০ সেপ্টেম্বর। এর প্রায় ছয় মাস পর নোয়াখালীতে সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি। আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী জিলা স্কুল মাঠে এ সমাবেশ হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজনের কথা বলা হলেও আদতে এটিকে সাংসদ একরামবিরোধী শোডাউন হিসেবেই দেখছেন দলের কর্মী-সমর্থকেরা।

সমাবেশ সফল করতে ইতিমধ্যে জেলার নয়টি উপজেলা থেকে নেতা–কর্মীদের জড়ো করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভাড়া করা হয়েছে বাস, মিনিবাসসহ কয়েক শ যানবাহন। তবে বহুল আলোচিত এ সমাবেশ দাওয়াত দেওয়া হয়নি নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীকে। একরামুল টানা ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত তিনটি সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সাংসদ হয়েছেন তিনি।

একরামুল করিম চৌধুরীকে দাওয়াত না দেওয়ার বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, একরামুলকে সমাবেশে দাওয়াত দেওয়ার সুযোগ নেই। কারণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে তাঁকে দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।

শিহাব উদ্দিন জানান, সমাবেশে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালীর বিএলএফ বাহিনীর (মুজিব বাহিনী) প্রধান মাহমুদুর রহমান বেলায়েত। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুরের।

আজকের সমাবেশ সাংসদ একরামুল করিমবিরোধী শোডাউন কি না, জানতে চাইলে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও নোয়াখালী-৬ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, এ সমাবেশের মধ্য দিয়ে নোয়াখালীর আওয়ামী লীগ যে কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, তা স্পষ্ট হয়ে যাবে। সমাবেশে প্রতিটি উপজেলা থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা আসবেন।

দলীয় সূত্র জানায়, ২০১৯ সালের ২০ নভেম্বর সাধারণ সম্পাদক পদের দুই প্রার্থী নোয়াখালী পৌরসভার মেয়র মো. সহিদ উল্যাহ খান ও সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর অনুসারীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের মধ্যে শহরের শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটাভুটি ছাড়াই প্রস্তাব সমর্থনের ভিত্তিতে এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ একরামুল করিম চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনের প্রায় ১১ মাস পর ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ৭৫ সদস্যের প্রস্তাবিত কমিটি জমা দেওয়া হয় কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তরে। কিন্তু ওই কমিটিতে বিতর্কিত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে।

বিতর্কের অবসান হওয়ার আগেই একই বছরের ৩১ ডিসেম্বর পৌর নির্বাচনের ইশতেহার ঘোষণার সময় সাংসদ একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে নিয়োগ–বাণিজ্য, টেন্ডারবাজি এবং অপরাজনীতির অভিযোগ তুলে বিতর্কে ঘি ঢালেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি অনুমোদন না দেওয়ার পাশাপাশি সাংসদ একরামুল করিমকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবিতে স্বোচ্ছার হয়ে ওঠেন তিনি। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর কেন্দ্র থেকে ৮৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সাংসদ একরামুল করিমের স্থান হয় সদস্যের তালিকায়।

দলীয় সূত্র জানায়, পদচ্যুত হওয়ার পর একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে হওয়া নোয়াখালী পৌরসভা নির্বাচন ও জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিরোধিতা এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় সাংসদ একরামুলকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়াসহ দল থেকে চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ করা হয়।

বহিষ্কারের সুপারিশের পর ১০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতাল থেকে দেওয়া ফেসবুক লাইভে সাংসদ একরামুল করিম দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নোয়াখালীর সবচেয়ে ‘ঘৃণিত লোক’ বলে মন্তব্য করেন। এরপর দেশে ফিরে এসে তিনি ৭ মার্চ নিজের অনুসারীদের নিয়ে আলাদা কর্মসূচি পালন করে। পাশাপাশি তিনি বিভিন্ন সমাবেশে ওবায়দুল কাদের এবং জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধেও বিভিন্ন কথা বলেন।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারেন, সে জন্য শহরের বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশস্থল, আশপাশের এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।