নোয়াখালীতে আন্তজেলা ডাকাত দলের প্রধানসহ ছয়জন গ্রেপ্তার
নোয়াখালীর কবিরহাট ও কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তার ডাকাত দলের সদস্যদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের আদর্শনগর এলাকার বাসিন্দা ও নিজাম ডাকাত বাহিনীর প্রধান নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাত (৪৪), তাঁর প্রধান সহযোগী বেগমগঞ্জের অনন্তপুর গ্রামের মানিক (২৬), একই এলাকার খোরশেদ আলম (৩০), সীতাকুণ্ডের আলী আকবর (৬০), কুমিল্লার মনোহরগঞ্জের হাতিমারা এলাকার নুরুল আলম কালু (৫০) ও শামছুল আলম (৩৩)।
গ্রেপ্তার নিজাম ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ৯টি মামলা রয়েছে। এ ছাড়া অপর পাঁচজনের বিরুদ্ধেও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রবিউল হকের নেতৃত্বে বাটইয়া ইউনিয়নের ওটারহাট এলাকার চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে বাহিনীর প্রধান নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাত (৪৪), তাঁর প্রধান সহযোগী বেগমগঞ্জের অনন্তপুর গ্রামের মানিক (২৬), একই এলাকার খোরশেদ আলম (৩০) এবং সীতাকুণ্ডের আলী আকবরকে (৬০) আটক করা হয়। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একই বাহিনীর আরও দুই সদস্য নুরুল আলম (৫০) ও শামছুল আলমকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি মিনি পিকআপ ভ্যান, লোহা কাটার যন্ত্র, সাংকেতিক স্ট্যান্ড, এক বান্ডিল রশি, ত্রিপল, একটি ধারালো ছোরা জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার নিজাম ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ৯টি মামলা রয়েছে। এ ছাড়া অপর পাঁচজনের বিরুদ্ধেও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
ব্রিফিংকালে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) খালেদ ইবনে মালেক।