নোয়াখালীতে আরও ছয় পুলিশ সদস্যের করোনা সংক্রমণ

নোয়াখালীতে আরও ছয় পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এর মধ্যে তিনজন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি), দুজন হাতিয়া থানার ও একজন হাতিয়ার তররুদ্দি পুলিশ ফাঁড়ির সদস্য। এ নিয়ে জেলায় মোট ৫৯ জন পুলিশ সদস্য কোভিড–১৯ এ আক্রান্ত হলেন। সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, নতুন করে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ডিবির তিনজনকে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে কোভিড-১৯ হাসপাতালে, আর হাতিয়ার তিনজনকে স্থানীয়ভাবে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ছয়জন সুস্থ হয়েছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হাতিয়ায় আক্রান্ত তিনজন পুলিশ সদস্যের কারও কোনো উপসর্গ নেই। সবাই সুস্থ আছেন। তবুও নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসায় তাঁদের পৃথক কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে ওসি (ডিবি) কামরুজ্জামান সিকদার বলেন, ডিবির আক্রান্ত তিন সদস্যকে নোয়াখালীর কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, দায়িত্ব পালন করতে গিয়ে নোয়াখালীতে এখন পর্যন্ত তিনজন পরিদর্শকসহ পুলিশের মোট ৫৯ জন সদস্যের মধ্যে করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ।