নোয়াখালীতে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫
নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হুগলি এলাকায় এ ঘটনা ঘটে।
পাল্টাপাল্টি হামলার সময় মিজানুর রহমানের নির্বাচনী কার্যালয় ও দুই সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তিনটি ইজিবাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে দেলোয়ার হোসেনের সমর্থকেরা একটি নির্বাচনী মিছিল নিয়ে হুগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। মিছিলটি বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের নির্বাচনী কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নৌকার সমর্থকেরা মিজানুর রহমানের কার্যালয় ভাঙচুর করেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মিজানুর রহমান অভিযোগ করে বলেন, দেলোয়ার হোসেনের অনুসারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিনা উসকানিতে তাঁর কার্যালয়ে হামলা-ভাঙচুর করেন। এ সময় একই এলাকায় তাঁর দুই সমর্থকের বাড়িতেও হামলা–ভাঙচুর চালানো হয়েছে।
তবে নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন দেলোয়ার হোসেন। তিনি বলেন, তাঁর সমর্থকেরা মিছিল নিয়ে পথসভায় যাওয়ার পথে মিজানুরের সমর্থকেরা পেছনের দিক থেকে হামলা করেছেন। এতে তাঁর কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং দুটি ইজিবাইক ভাঙচুর করা হয়েছে।
এদিকে হামলা–সংঘর্ষের পর সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) নুর নবী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, হামলা-সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছিল। তবে তখন সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।