নোয়াখালীতে ইউপি নির্বাচনে দুটি কেন্দ্র দখলের চেষ্টা, ৪৭ ব্যালট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের দীর্ঘ লাইন। সকাল ১০টায় বকশিরহাট মডার্ন কিন্ডার গার্টেন কেন্দ্রে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুটি কেন্দ্র দখলের চেষ্টা হয়েছে। এ ঘটনায় সিল মারা ৪৭টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা কেন্দ্র দুটিতে ঢুকে ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারে।

এ ঘটনায় কেন্দ্র দুটিতে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতকারীদের ধাওয়া ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসরুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে ইউনিয়নের এশফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্র এবং বেলা ১১টার দিকে শ্রীপদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করে দুই দল দুষ্কৃতকারী। এতে দুটি কেন্দ্রে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল। এর মধ্যে এশফাকুল হক মান্না মাদ্রাসা কেন্দ্রে ৩৪টি এবং শ্রীপদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১৩টি চেয়ারম্যান পদের ব্যালট বাতিল করা হয়েছে। দুষ্কৃতকারীরা শ্রীপদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একটি সিল ছিনিয়ে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে নবীপুর ইউনিয়নের ১০টি কেন্দ্রে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে প্রতিটি কেন্দ্রেই ছিল ভোটারদের দীর্ঘ সারি। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল সোয়া ১০টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এশফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্রে নৌকা প্রতীকের একদল সমর্থক বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পোলিং বুথে ঢুকে পড়েন। তাঁরা সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে বেশ কিছু ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারা শুরু করেন। একপর্যায়ে টহলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খবর পেয়ে কেন্দ্রে গিয়ে তাঁদের ধাওয়া ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেন্দ্রে প্রায় ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সিল মারা ৩৪টি ভোট বাতিল করেন এবং পুনরায় ভোট গ্রহণ শুরু করেন।

এরপর বেলা ১১টার দিকে একই ইউনিয়নের শ্রীপদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল বহিরাগত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা কেন্দ্রে ঢুকে চেয়ারম্যান প্রার্থীদের ব্যালট পেপার ও সিল ছিনিয়ে নিয়ে বেশ কয়েকটি ব্যালটে সিল মারে। খবর পেয়ে টহলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে ধাওয়া ও লাঠিপেটা করে কেন্দ্র দখলমুক্ত করেন। পরে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সিল মারা ১৩টি ব্যালট বাতিল করেন। এ ঘটনায় কেন্দ্রটিতে ১০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নবীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের একজন প্রার্থী ছাড়াও দুজন বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া প্রার্থী হয়েছেন বিএনপির সমর্থক বর্তমান চেয়ারম্যান আমিন উল্যাহসহ আরও তিনজন।