নোয়াখালীতে ইভিএমে ধীরগতি, রাত ৯টা পর্যন্ত ভোটের লাইনে নারীরা
ইভিএমে ধীরগতিতে ভোটদানের কারণে নোয়াখালীর সেনবাগের ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি কেন্দ্রে রাত ৯টার পরও উপস্থিত নারী ভোটারদের ভোট গ্রহণ চলেছে। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। এ সময় ভোট দেওয়ার জন্য নারীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ গোরকাটা ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩৪০ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৬৬৮ জন, আর পুরুষ ভোটার ৬৭২ জন। পুরুষ ভোটারদের জন্য দুইটি বুথ আর নারী ভোটারের জন্য একটি বুথ ছিল।
একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ওই কেন্দ্রের ইভিএম ধীরগতির ছিল। এ ছাড়া অনেক ভোটার ইভিএমে ভোটদানের পদ্ধতি বুঝতে পারছিলেন না। এতে ভোট গ্রহণে সময় লেগেছে বেশি। বিকেল চারটায় ভোট গ্রহণের স্বাভাবিক সময় শেষ হওয়ার পরও সেখানে তিন শ’র বেশি নারী ভোটার ভোটদানের জন্য অপেক্ষা করছিলেন। তবে নির্বাচনী আইন অনুযায়ী, লাইনে দাঁড়ানো ভোটারদের ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নেন নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে রাত ৯টা ১০ মিনিটে ওই কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়।
স্থানীয় ভোটার জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যা ঘনিয়ে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করেন। তবে নারীরা ধৈর্য সহকারে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন।
এদিকে সেনবাগের কেশারপাড় ইউপির ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ইভিএম দফায় দফায় বন্ধ হয়ে যায়। প্রতিবার ইভিএম বন্ধ হয়ে যাওয়ায় ২০ থেকে ২৫ মিনিট করে ভোট গ্রহণ বন্ধ ছিল। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জুয়েল চন্দ্র ভৌমিক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কিছু কিছু ইভিএম ধীরগতিতে কাজ করেছে। এ ছাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের অনুপাতে বুথের সংখ্যা নির্ধারণ ঠিক হয়নি। দুইটি নারী বুথ, একটি পুরুষ বুথ রাখা উচিত ছিল। কারণ, ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের উপস্থিতি কম থাকে, আবার তাঁরা দ্রুত ভোট দেন। আর নারী ভোটারদের ভোট দিতে তুলনামূলক সময় বেশি লাগে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, দক্ষিণ গোরকাটা ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ শেষ করতে রাত ৯টা পার হয়েছে। তবে ওই সময় কেন্দ্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপস্থিত পুলিশ সদস্যরা বিশেষ নজরদারি রেখেছিলেন। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়ানো সব নারী ভোট দিয়ে বাড়ি ফিরেছেন।