নোয়াখালীতে ইসির পদত্যাগের দাবিতে বিএনপির মানববন্ধন-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে সোমবার নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা
প্রথম আলো

নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কর্মসূচি পালন উপলক্ষে সকাল ১০টা থেকে প্রেসক্লাব প্রাঙ্গণে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। একই স্থানে তার আগেই অবস্থান নেন সুধারাম থানা-পুলিশের বেশ কয়েকজন সদস্য। পরে বেলা ১১টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন। তাঁরা এ সময় দাবি–সংবলিত ব্যানার ও পোস্টার বহন করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের প্রতিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট হয়ে নির্বাচন পরিচালনা করে। অযোগ্য নির্বাচন কমিশনের পদত্যাগ ছাড়া বিকল্প কিছু নেই। ইসির পদত্যাগ দাবি করেন বক্তারা।