নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
নোয়াখালীতে ২ হাজার ৫৫০টি ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. শহীদুল ইসলাম (২৬)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল পৌরসভার জামতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। ইয়াবাসহ পুলিশের কনস্টেবল গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
গ্রেপ্তার শহীদুল ইসলাম কক্সবাজার জেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের পুলিশ চৌকিতে কর্মরত। তিনি নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকার রুহুল আমিনের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম থানায় মামলা হয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, গতকাল রাত সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে জামতলা এলাকা থেকে ৪০০টি ইয়াবাসহ শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরবর্তী সময়ে তাঁর দেখানো মতে রাত সোয়া নয়টায় সদর উপজেলার বিনোদপুর এলাকার একটি কবরস্থান থেকে আরও ২ হাজার ১৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় শহীদুল নিজেকে পুলিশের একজন কনস্টেবল বলে পরিচয় দেন। পরে যাচাই করে তাঁর কথার সত্যতা পাওয়া যায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ বুধবার দুপুরে শহীদুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।