নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

নোয়াখালীতে করোনাভাইরাসে সংক্রমিত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় ওই ব্যক্তি মারা যান। কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মারা যাওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক ৭২ বছর। এ নিয়ে করোনায় কবিরহাট উপজেলায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হলো। আর জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস আজ রাত আটটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত বুধবার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরদিন ১৮ জুন নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর করোনা ‘পজিটিভ’ ফলাফল পাওয়া যায়। রিপোর্ট পাওয়ার পরপরই ওই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন বলে অনড় ছিলেন। তাই তাঁকে বাড়িতে আইসোলেশনে থেকে সেবনের জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এরই মধ্যে আজ দুপুরে তাঁর মৃত্যুর সংবাদ পাই আমরা।’

জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ নিয়ে করোনায় মারা গেলেন ৪১ জন। এর মধ্যে বেগমগঞ্জেই মারা গেছেন ২০ জন। বাকিদের মধ্যে সোনাইমুড়ীতে তিনজন, সেনবাগে ছয়জন, সুবর্ণচরে একজন, সদরে ছয়জন, চাটখিলে দুজন, কবিরহাটে দুজন ও কোম্পানীগঞ্জে করোনায় সংক্রমিত একজন মারা গেছেন।