নোয়াখালীতে করোনায় কানুনগোসহ আরও দুজনের মৃত্যু

করোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা

নোয়াখালীতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বেগমগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা কার্যালয়ের কানুনগো শ্রীমান ভট্টসহ (৫৪) আরও দুজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ও ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া অপরজন হলেন রেজাউল হক (৬৮)। তিনি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংপুর গ্রামের বাসিন্দা।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৫। এখন পর্যন্ত মারা গেছেন ৮১ জন। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জনের কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের কানুনগো শ্রীমান ভট্ট গত সপ্তাহে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শ্রীমান ভট্ট নোয়াখালী শহরের মাইজদীবাজার এলাকার বাসিন্দা।

এদিকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন সঞ্জয় কুমার নাথ প্রথম আলোকে বলেন, গত ৩০ জুলাই রেজাউল হক কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরীক্ষার জন্য দেন। তিনি পার্শ্ববর্তী সেনবাগ উপজেলার বাসিন্দা। ১ আগস্ট তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর প্রথম কয়েক দিন তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে কবিরহাট উপজেলায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।


জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৪৭ জন কোভিড রোগীর মধ্যে ১৪ জনই সদর উপজেলার বাসিন্দা। বাকিদের মধ্যে চারজন সুবর্ণচর উপজেলার, পাঁচজন বেগমগঞ্জের, একজন সোনাইমুড়ীর, সেনবাগের ছয়জন, কোম্পানীগঞ্জের ১০ জন ও কবিরহাট উপজেলার ৭ জন রয়েছেন।