নোয়াখালীতে করোনায় সাতজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড-১৯ ডেডিকেডেট হাসপাতাল ও দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আরও সাতজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতালে পাঁচজন, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন ও জেলা শহরের বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন।

এ ছাড়া জেলায় নতুন করে আরও ২২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় ও কোভিড হাসপাতাল এবং সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

কোভিড হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন পাঁচজন মারা গেছে। তাঁরা হলেন সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া গ্রামের রুহুল আমিন (৬৮), মানিক নগর গ্রামের মফিজ উল্যাহ (৭০), সেনবাগ উপজেলার শাহীন আক্তার (৫০) ও মো. ইউছুফ (৬৫) এবং কবিরহাট উপজেলার পারভীন আক্তার (৫২)।

এ ছাড়া হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন করোনা রোগী মো. জাহাঙ্গীর হোসেন (৭০) গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা গেছেন। তিনি উপজেলার চরইশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একই রাতে জেলার চাটখিল উপজেলার কুলশ্রী গ্রামের বাসিন্দা ময়ফুল বেগম (৬০) নামে করোনায় আক্রান্ত এক নারী জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

কোভিড হাসপাতালের আবাসিক চিকিৎসক ও সমন্বয়ক নিরুপম দাশ ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, বর্তমানে যেসব রোগী হাসপাতালে আসছেন, তাঁদের বেশির ভাগেরই অবস্থা খারাপ। শতকরা ৯০ ভাগের বেশি রোগীকে সার্বক্ষণিক অক্সিজেন সুবিধা দিতে হচ্ছে। বর্তমানে হাসপাতালে ১০০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

বুধবার জেলার তিনটি করোনার পরীক্ষাগার এবং বিভিন্ন উপজেলায় অ্যান্টিজেন পরীক্ষায় নতুন করে ২২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন মাসুম ইফতেখার। তিনি জানান, শনাক্তের হার ৩১ দশমিক ৪৪ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৯ জন সদর উপজেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুবর্ণচরের ৭ জন, হাতিয়ার ৬ জন, বেগমগঞ্জের ১৫ জন, সোনাইমুড়ীর ১৫ জন, চাটখিলের ১৮ জন, সেনবাগের ৪৬ জন, কোম্পানীগঞ্জের ৪৭ জন ও কবিরহাট উপজেলার ১৫ রয়েছেন।