নোয়াখালীতে কলেজছাত্রী হত্যায় জড়িত সন্দেহে আটক ১, থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে কলেজছাত্রী শাহনাজ পারভিন হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আজ সকালে বসুরহাট জিরো পয়েন্টে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কলেজছাত্রী শাহনাজ পারভিন ওরফে প্রিয়তা (২১) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে বসুরহাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ আটক ব্যক্তির নাম প্রকাশ করেনি।

এ ঘটনায় গতকাল রাতে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন শাহনাজের বাবা নবী হোসেন। তবে মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করেননি তিনি। এ ছাড়া হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার বসুরহাটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, শাহনাজ হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাঁকে নিয়ে অভিযান চলছে। আটক ব্যক্তির কাছ থেকে এরই মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আশা করা যায়, শিগগিরই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, গতকাল রাতে শাহনাজের বাবা নবী হোসেন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। এর আগে গতকাল বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে শাহনাজের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শাহনাজের বাবা নবী হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় নানার বাড়িতে থেকে স্থানীয় সরকারি মুজিব কলেজে পড়ালেখা করতেন। পাশাপাশি বসুরহাটের মডার্ন হাসপাতালের নার্স হিসেবে চাকরি করতেন। কয়েক দিন আগে শাহনাজ তাঁর মাকে জানিয়েছিলেন, ১ মার্চ থেকে চাকরি ছেড়ে দেওয়ার কথা জানানোর পর কর্তৃপক্ষের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়েছে। তবে শাহনাজকে কে বা কারা হত্যা করেছে, তা বলতে পারছেন না নবী হোসেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এদিকে আজ সকালে কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজের স্নাতকের ছাত্রী শাহনাজ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বসুরহাট জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। মানববন্ধনে নিহত শাহনাজের বাবা নবী হোসেন, বাটইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন ওরফে শাহীন, সরকারি মুজিব কলেজের ছাত্রছাত্রী ছাড়াও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গত রোববার সকাল আটটায় কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন কলেজছাত্রী শাহনাজ। রাত আটটায় ফেরার কথা থাকলেও রাতে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।