নোয়াখালীতে কিশোরকে পিটিয়ে হত্যা, আটক ১
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেলের ভাড়ার টাকা চাওয়া নিয়ে ঝগড়ার জের ধরে মো. নিজাম উদ্দিন (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হুমায়ুন (২২) নামের এক তরুণকে আটক করেছে।
নিজাম ওই চর আলাউদ্দিন গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। তার পরিবারের অভিযোগ, স্থানীয় সাত-আটজন নারী-পুরুষ মিলে পিটিয়ে নিজামকে হত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চর আলাউদ্দিন গ্রামের বেলাল উদ্দিনের ছেলে আকবর হোসেনের কাছ থেকে একটি মোটরসাইকেল ভাড়া নেন একই এলাকার আবু তাহেরের ছেলে সাইফুল ইসলাম (২৫)। চালানো শেষে বিকেলে মোটরসাইকেলটি দিয়ে গেলেও ভাড়ার টাকা দেননি সাইফুল। রোববার সকাল ৯টার দিকে আকবরের ছোট ভাই নিজামের সঙ্গে স্থানীয় আলাউদ্দিন বাজারে সাইফুলের দেখা হলে তাঁর কাছে ভাড়ার টাকা চায় নিজাম। কিন্তু সাইফুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এসে তাদের শান্ত করে দুজনকে দুই দিকে পাঠিয়ে দেন।
এ ঘটনার পর বেলা সাড়ে ১১টার দিকে আলাউদ্দিন বাজারের পাশের একটি নির্মাণাধীন কালভার্টের কাছে নিজামের ওপর হামলা চালান সাইফুল ও তাঁর লোকজন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে সুবর্ণচরের চরজব্বর থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিজামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বেলাল উদ্দিন বলেন, আলাউদ্দিন বাজার থেকে ফিরে নিজাম বাজারের পাশের একটি কালভার্টে কাজ করছিল। বেলা সাড়ে ১১টার দিকে সাইফুলসহ সাত-আটজন অতর্কিতভাবে তাঁর ছেলে নিজামের ওপর হামলা চালায়। এ সময় সাইফুল, তার মা ফাতেমা বেগম, ভাই রসুল, বেলাল, একই এলাকার আসাদের ছেলে ফরিদ, মানিকের ছেলে হুমায়ুন, আবদুল্যার ছেলে আবু তাহেরসহ সাত-আটজন নিজামকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে।
সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলের ভাড়ার পাওনা টাকা নিয়ে ঝগড়ার জের ধরে প্রতিপক্ষের লোকজন নিজামকে পিটিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় হুমায়ুন নামের এক তরুণকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।