নোয়াখালীতে কিশোরীকে অপহরণ করে হোটেলে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা শহরের একটি আবাসিক হোটেলে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। পরে ওই ছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে, পরে রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরীর অস্ত্রোপচার হয়।
পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শরীফুল ইসলাম ওরফে নুরকে (২৬) ও আবাসিক হোটেলটির ব্যবস্থাপক দ্বীন মোহাম্মদকে (৪০) গ্রেপ্তার করে।
অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর অবস্থার অবনতি হলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরমান হোসেন দুই ব্যাগ রক্ত দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী চাটখিল উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। অভিযুক্ত শরীফুল ওই ছাত্রীকে প্রেম নিবেদনসহ নানা কুপ্রস্তাব দিতেন। গতকাল ছাত্রী অ্যাসাইনমেন্টের খাতা জমা দিতে বিদ্যালয়ে যায়। বাড়ি ফেরার পথে শরীফুল তাঁকে কৌশলে সিএনজিচালিত অটোরিকশায় করে হোটেলে নিয়ে যান। সেখানে এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ বলছে, কিশোরীর অতিরিক্ত রক্তক্ষরণ হলে শরীফুল তাকে প্রথমে সোনাইমুড়ীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। মেয়েটির পরিস্থিতির অবনতি হলে শরীফুল পালিয়ে যান। পরে বিষয়টি সোনাইমুড়ী থানাকে জানানো হয়। গতকাল রাতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ধর্ষণের শিকার ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আজ সকালে হাসপাতালে ছাত্রীর অস্ত্রোপচার করা হয় বলে জানান তিনি।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ছাত্রীর মামা বাদী হয়ে থানায় শরীফুল ও দ্বীন মোহাম্মদকে আসামি করে মামলা করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর শরীফুল দাবি করেছেন যে ওই ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তবে ছাত্রী গুরুতর অসুস্থ থাকায় এ বিষয়ে তার সঙ্গে পুলিশ কথা বলতে পারেনি।
জেলার পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ প্রধান অভিযুক্ত শরীফুল ইসলাম ও সহযোগী হোটেল ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে।