নোয়াখালীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর সুবর্ণচরে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুবর্ণচরের হাবিবিয়া সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. অজিউল্যাহ (৫৫)। তিনি উপজেলার চর মজিদ এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে অজিউল্যাহ মোটরসাইকেলে করে চরজব্বর-স্টিমারঘাট সড়ক হয়ে ভূঁইয়ারহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি হাবিবিয়া সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে অজিউল্যাহ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় ওই গাড়ি দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর অজিউল্যাহর লাশ তাঁর স্বজনেরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। তবে অন্ধকারের মধ্যে গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় কেউ সেটা শনাক্ত করতে পারেননি। এ ঘটনায় নিহত ব্যক্তির স্বজনেরা থানায় কোনো অভিযোগ করেননি।