নোয়াখালীতে গৃহকর্মীর লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নোয়াখালীতে মাহিনুর আক্তার (১৮) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সুধারাম থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত মাহিনুর জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তালিবপুর গ্রামের মো. নুরুল হকের মেয়ে। পরিবারের অভিযোগ, মাহিনুরকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন গৃহকর্তা নাছিম উদ্দিন।

মাহিনুরের বড় ভাই মো. মামুন পেশায় একজন রিকশাচালক। তিনি প্রথম আলোকে বলেন, পারিবারিক অসচ্ছলতার কারণে প্রায় বছরখানেক আগে ছোট বোন মাহিনুরকে জেলা শহর মাইজদীর উত্তর ফরিকরপুর এলাকার শান্তনালয় নামের একটি বাসায় কাজে দেন। বাসার গৃহকর্তার নাম নাছিম উদ্দিন। কাজে দেওয়ার পর থেকে তাঁরা কখনো তাঁর বোনের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। মুঠোফোনে তাঁর বোন মাঝেমধ্যে বাড়িতে তাঁর মা এবং তাঁর সঙ্গে কথা বলত।

বড় ভাই মামুন জানান, সর্বশেষ গত পরশু (বুধবার) তাঁকে ফোনে বোন বলেছিল তাকে নানা ধরনের নির্যাতন করা হয়। তখন তিনি আসবেন বলেছিলেন। কিন্তু সময়ের অভাবে আসতে পারেননি। এরই মধ্যে গতকাল সন্ধ্যার কিছুক্ষণ আগে গৃহকর্তা নাছিম উদ্দিন তাঁকে ফোন করে মাহিনুর ফাঁস দিতে যাচ্ছে জানিয়ে তাঁকে একা আসতে বলেন। তিনি আসার সময় সঙ্গে এলাকার দুই-তিনজনকে নিয়ে আসেন। এসে তিনি হাসপাতালে বোনের লাশ দেখেন।

মামুনের অভিযোগ, গৃহকর্তা ও তাঁর পরিবারের লোকজনের নির্যাতনের কারণে তাঁর বোনের মৃত্যু হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। তাই তিনি লাশের ময়নাতদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছেন। এ ব্যাপারে থানায় তিনি বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি পুলিশ অপমৃত্যু মামলা হিসেবে রুজু করেছে।

গৃহকর্তা নাছিম উদ্দিন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। প্রথম আলোর কাছে তিনি দাবি করেন, সাত-আট মাস আগে ওই মেয়েকে (মাহিনুর আক্তার) তাঁরা বাসায় কাজে নেন। মেয়েটি বিভিন্ন সময় বাসার ফটক খোলা রেখে এদিক-সেদিক যেত। এসব নিয়ে বিভিন্ন সময় বকাঝকা করেছেন। গতকাল দুপুরের খাবারের পর মাহিনুর তার কক্ষের দরজা বন্ধ করে রাখে। বিকেল পর্যন্ত তার সাড়াশব্দ না পেয়ে তাঁর স্ত্রী ফোনে ঘটনাটি জানান তাঁকে। পরে তিনি বাসায় গিয়ে প্রতিবেশীর সহযোগিতা নিয়ে দরজা খুলে দেখেন সিলিংয়ের সঙ্গে মাহিনুর ঝুলে আছে। তাৎক্ষণিক নামিয়ে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবার সন্দেহ করছে, যে বাসায় কাজে ছিল ওই বাসার লোকজনের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে নির্যাতনের কোনো আলামত প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তাই পরিবারের অভিযোগ অপমৃত্যু মামলা হিসেবে রুজু করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।