নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জেরিন আক্তার ওরফে জেনি (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জেরিনের পরিবারের অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জেরিনকে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জেরিনের স্বামী ফখরুল ইসলাম ওরফে বাপ্পীকে (৩৩) থানায় নিয়ে গেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছর আগে পারিবারিকভাবে চাঁদপুর গ্রামের সামছুল হকের ছেলে পোল্যান্ডপ্রবাসী ফখরুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের ধন্যপুর গ্রামের মোহাম্মদ আলমের পালক মেয়ে জেরিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর ফখরুল আবার পোল্যান্ডে চলে যান। কয়েক মাসের মাথায় জেরিনকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য দেশে ফিরে আসেন ফখরুল। কিন্তু স্ত্রীকে বিদেশে নেওয়ার বিষয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ দেখা দেয় ফখরুলের। এ নিয়ে কয়েক দিন ধরে শ্বশুরবাড়িতে জেরিনের সঙ্গে ঝামেলা চলছিল। আজ দুপুরের দিকে শ্বশুরবাড়ির লোকজন জেরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন।

জেরিনের বাবা মোহাম্মদ আলম অভিযোগ করেন, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন নানা অজুহাতে জেরিনের ওপর নির্যাতন চালাতেন। সর্বশেষ জেরিনকে পোল্যান্ডে নেওয়ার বিষয়ে স্বামীর পরিবারের লোকজন জেরিনের ওপর নির্যাতন চালান। ওই নির্যাতনেই জেরিনের মৃত্যু হয়। তাঁর অভিযোগ, আজ সকালে শ্বশুরবাড়ির লোকজন জেরিনকে হত্যা করে লাশ ঘরের ফ্যানের সঙ্গে আংশিক ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছেন উল্লেখ করে তাঁদের খবর দেন। পরে তাঁরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে গৃহবধূ জেরিনের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক বলে মনে হয়েছে। নিহত জেরিনের পরিবারও অভিযোগ করেছে, তাদের মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় জেরিনের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।