নোয়াখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহিরুল ইসলাম
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম ওরফে কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জহিরুল ইসলামের বাড়ি ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামে।

বিএনপির সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য এবং ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তা না হলে তাঁর বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা থেকে থাকে, আগেই পুলিশ গ্রেপ্তার করত।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, জহিরুল ইসলামকে গ্রেপ্তারের সঙ্গে ইউপি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গ্রেপ্তার জহিরুল ইসলামের বিরুদ্ধে সেনবাগ থানায় ২০১৯ সালের একটি একটি চাঁদাবাজির মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানা বলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।