নোয়াখালীতে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

নোয়াখালী শহরে জেলা শিল্পকলা একাডেমির সামনের সড়কে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তার কাছ থেকে তথ্য নিয়ে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবদুর রহিম নামের এক ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে মারধর করে সঙ্গে থাকা মুঠোফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় গ্যাংয়ের সদস্য আতাউর রশিদকে (১৯) হাতেনাতে আটক করা হয়। তখন অন্যরা দৌড়ে পালিয়ে যায়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, আটক আতাউর রশিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে ওই গ্যাংয়ের অপর তিন সদস্য খালেদ সাইফুল্যাহ ওরফে অনন্ত (১৯), ফাহাদ চৌধুরী ওরফে হিমেল (১৯) ও আবদুর রহমান ওরফে মিশুকে (২৪) আটক করা হয়েছে। আটক কিশোর গ্যাংয়ের সদস্যদের পরবর্তী সময় সুধারাম থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার আবদুর রহিম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।