নোয়াখালীতে জ্বর ও শ্বাসকষ্টে মাদ্রাসাছাত্রীর মৃত্যু, নমুনা সংগ্রহ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক মাদ্রাসাছাত্রীর (১৩) মৃত্যু হয়েছে। রোববার সকাল নয়টার দিকে কাবিলপুর ইউনিয়নের একটি গ্রামে নানাবাড়িতে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। তার গ্রামের বাড়ি বেগমগঞ্জ উপজেলায়। তবে সেনবাগে নানাবাড়িতে থেকে পড়ালেখা করত। দুদিন আগে স্থানীয় একট পুকুরের পানিতে দীর্ঘসময় গোসল করে মেয়েটি। এরপর থেকে সে হালকা জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র বলছে, কিশোরীর শারীরিক অবস্থা ততটা গুরুতর ছিল না। তাই নানাবাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাননি। স্থানীয় কোনো চিকিৎসককেও দেখাননি। এরই মধ্যে রোববার সকাল নয়টার দিকে মেয়েটির মৃত্যু ঘটে। উপসগর্গ করোনার মতো হওয়ায় স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তপক্ষকে অবহিত করে। এরপর এই হাসপাতাল থেকে চিকিৎসকসহ নমুনা সংগ্রহকারী দল ওই বাড়িতে যায়। দলটির সদস্যরা মৃত মেয়েটি, তার মা ও নানির নমুনা সংগ্রহ করেছেন। ইতিমধ্যে নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, মেয়েটির নানাবাড়িটি লকডাউন করা হয়েছে। একই সঙ্গে ওই বাড়ির ১৫টি পরিবারের প্রায় ৬০ জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।