নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ৬
নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন তাঁর পরিবারের তিন সদস্য, অটোরিকশার চালকসহ ছয়জন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সোনাইমুড়ী-চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়াগ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সফি উল্যাহ (৭০)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়নের বাইশসিন্দুরপুর গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন ফাহিম হোসেন (২০), মো. মামুন (৩৮), কামাল হোসেন (২৫), মো. সুজন (১৩), স্বর্ণা আক্তার (৩২) ও অটোরিকশাচালক মো. শিপন (৩৩)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাটখিল উপজেলা থেকে ছয়জন যাত্রী নিয়ে সোনাইমুড়ী উপজেলার দিকে যাচ্ছিল অটোরিকশা। সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজের সামনে পৌঁছালে অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী সফি উল্যার মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত ছয়জনকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে অটোরিকশার চালক শিপনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম। প্রথম আলোকে তিনি বলেন, দুর্ঘটনার শিকার ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। লাশ আপাতত থানায় রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।