নোয়াখালীতে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
নোয়াখালী শহরের সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম অজয় মজুমদার (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন (১৩তম ব্যাচ)। তাঁর গ্রামের বাড়ি জেলার সুবর্ণচর উপজেলায়।
সোনাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক কাজী সুলতান আহছান বলেন, বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের অজয় একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বিশ্ববিদ্যালয়ের দিক থেকে সোনাপুর জিরো পয়েন্টে আসেন। অটোরিকশা থেকে নামার পর পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।
নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, বেলা পৌনে দুইটার দিকে ওই ছাত্রকে মৃত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, দুর্ঘটনার খবর জানার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে একটি প্রতিনিধিদলকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ছাত্রের পরিবারের লোকজন এসে পৌঁছেছেন। তিনি তাঁদের সঙ্গে দেখা করবেন।