নোয়াখালীতে ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার
নোয়াখালীর হাতিয়ায় ডোবা থেকে একটি মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুল্লাখালি গ্রামে থেকে লাশটি উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে গুল্লাখালি গ্রামের শাহজাহানের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীরা সড়কের পাশের একটি ডোবায় নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক তাঁরা বিষয়টি হাতিয়া থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, জন্মের পরপরই নবজাতককে ওই ডোবায় ফেলে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পুলিশ ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য আজ সকালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে কে বা কারা লাশটি ডোবায় ফেলে গেছে, তা এখনো নিশ্চিত নন।