নোয়াখালীতে ঢিলেঢালা লকডাউন, জনজীবনে তেমন প্রভাব পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী পৌরসভা ও সদর ‍উপজেলার ছয়টি ইউনিয়নে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। লকডাউনের প্রথম দিন শনিবার দুপুর ১২টার দিকে শহরের ষ্টেডিয়াম এলাকার মাইজদী-চৌমুহনী সড়কের চিত্র
প্রথম আলো

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে আজ শনিবার সকাল ছয়টা থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। ১১ জুন রাত ১২টা পর্যন্ত এই লকডাউন চলবে। তবে প্রশাসনের এই বিশেষ লকডাউন দূরপাল্লার যাত্রীবাহী বাস ও দোকানপাট বন্ধ রাখা ছাড়া জনজীবনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।

গতকাল শুক্রবার জেলায় নতুন করে আরও ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে, যা ছিল গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। এদিন নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫৬ শতাংশ। এরপরও শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত শহরের প্রধান সড়ক, বিভিন্ন শাখাসড়ক ঘুরে দেখা যায়, এসব সড়ক ছিল কার্যত সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের দখলে। শহরের প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও ততটা চোখে পড়েনি। স্বাস্থ্যবিধি মানার বিষয়েও লোকজনের মধ্যে উদাসীনতা লক্ষ করা গেছে। অন্যান্য দিনের মতোই লোকজনকে ঘর থেকে বের হতে দেখা গেছে।

তবে দুপুরে বিষয়টি নিয়ে জেলা করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শহরের বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে কাজ করেছেন। বিকেলে আবার নামবেন। লোকজনের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করতে সিএনজিচালিত অটোরিকশাগুলোকে সর্বোচ্চ দুজন যাত্রী পরিবহনে বাধ্য করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। যদিও প্রথম আলো সরেজমিনে সিএনজি অটোরিকশাগুলোতে চালকসহ ছয়জনকে চলাচল করতে দেখেছে বলে জানানো হয় তাঁকে।

গতকাল শুক্রবার জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ কমিটির বৈঠকে ৫-১১ জুন নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়ন লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ছয়টি ইউনিয়ন হলো নোয়ান্নই, কাদিরহানিফ, নেয়াজপুর, বিনোদপুর, অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়ন। জেলা প্রশাসনের সিদ্ধান্তের জন্য জেলা তথ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণাও চালানো হয়। কিন্তু তাতে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো প্রভাব পড়েনি।

গতকাল শুক্রবার জেলায় নতুন করে আরও ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে, যা ছিল গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত।

এদিকে জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের ১২০ শয্যার কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালেও রোগীর চাপ বেড়েছে। গত রোববার কোভিড হাসপাতালে করোনা রোগী ছিলেন ২২ জন। আর শনিবার দুপুরে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। এ ছাড়া একই হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন আরও ১০ জন। গত এক সপ্তাহে এই হাসপাতালে চিকিৎসাধীন একজন করোনা রোগী মারা গেছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও সমন্বয়ক নিরুপম দাশ প্রথম আলোকে বলেন, জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোভিড হাসপাতালেও রোগীর চাপ কিছুটা বেড়েছে। যাঁদের শ্বাসকষ্টজনিত জটিলতা, তাঁরাই হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। তা ছাড়া যাঁদের জ্বর আছে কিংবা হৃদযন্ত্রের সমস্যার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এমন রোগীদেরও হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালটিতে ২২টি অক্সিজেন কনসেনট্রেটর আছে, যার মাধ্যমে অক্সিজেন স্বয়ংক্রিয়ভাবে রিফিল হয়ে যায়। এ ছাড়া হাই ফ্লো নাজাল ক্যানুলায় (এইচএফএনসি) অক্সিজেন সরবরাহ রয়েছে সার্বক্ষণিক। হাই ফ্লো নাজাল ক্যানুলায় অক্সিজেন সরবরাহের জন্য বড় অক্সিজেন সিলিন্ডার আছে ৬৬টি, আর ছোট অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১৫০টি। ৯টি আইসিইউ সুবিধাসম্পন্ন বেড রয়েছে। এর মধ্যে সাতটি বেড আইসিইউ, দুটি ভেন্টিলেটর বেড। শনিবার দুপুরে দুজন রোগী আইসিইউ বেডে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।

কোভিড-১৯ হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক শায়লা শাহরিয়ার জাহান প্রথম আলোকে বলেন, করোনা রোগীদের চিকিৎসায় পর্যাপ্তসংখ্যক অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন মজুত রয়েছে। গত কয়েক দিনে কোভিড হাসপাতালেও রোগীর চাপ কিছুটা বেড়েছে। তবে যাঁদের শ্বাসকষ্ট বেশি কিংবা অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম, এমন বেশি অসুস্থ রোগীদের ভর্তি করা হচ্ছে।