নোয়াখালীতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালী শহরের চুল্লার চা-দোকান এলাকায় মাইজদী-সোনাপুর সড়কে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম সাজ্জাদ হোসেন ওরফে রকি (২২)। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাজ্জাদ সদর উপজেলার মাছিমপুর গ্রামের জাহেদুল হকের ছেলে। এ ঘটনায় সাজ্জাদের সঙ্গী আরোহী আহত হয়েছেন। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাজ্জাদের খালাতো ভাই মো. তাওহিদ বলেন, সাজ্জাদ একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। গতকাল রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। মোটরসাইকেলটি চল্লার চা-দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা বেপরোয়া গতির অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন। তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারের লোকজন হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় তাঁদের কোনো অভিযোগ নেই।