নোয়াখালীতে দেড় মাসের মধ্যে শনাক্তের হার সর্বনিম্ন, দুজনের মৃত্যু
নোয়াখালীতে ১ মাস ১৯ দিনের মধ্যে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সর্বনিম্ন হার ছিল রোববার। এদিন জেলার তিনটি করোনা পরীক্ষা কেন্দ্রে ৫৮৪টি নমুনা পরীক্ষা করে পজিটিভ রোগী শনাক্ত হন ১০০ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ১২ শতাংশ।
এর আগে সর্বনিম্ন শনাক্তের হার ছিল ১২ আগস্ট—২৬ দশমিক ২৪ শতাংশ। ওই দিন ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর ১ মাস ১৯ দিনে জেলায় সংক্রমণের হার ছিল ২৮-৩৩ শতাংশের মধ্যে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় মারা গেছেন আরও দুজন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন কবিরহাট পৌরসভার ঘোষবাগ এলাকার বাড়িতে এবং অপরজন নোয়াখালী শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড ডেডিকেটেড হাসপাতালে। রোববার কোভিড হাসপাতাল ও জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার জেলার তিনটি করোনাভাইরাসের পরীক্ষা কেন্দ্রে ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ১০০ জনের নমুনার ফলাফলে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত রোগীর হার ১৭ দশমিক ১২ শতাংশ।
সূত্র জানায়, রোববার শনাক্ত হওয়া ১০০ জন রোগীর মধ্যে ১৩ জন সদর উপজেলার বাসিন্দা। আর বাকিদের মধ্যে বেগমগঞ্জের ১৫ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলের ১৭ জন, সেনবাগের ১৪ জন, কোম্পানীগঞ্জের ১০ জন, সুবর্ণচরের ৬ জন ও কবিরহাটের ১২ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন চিকিৎসক মাসুম ইফতেখার নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ১০০ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, রোববার জেলায় নতুন করোনা রোগী শনাক্তের হার ১৭ দশমিক ১২ শতাংশ, যা ১ মাস ১৯ দিনের মধ্যে সর্বনিম্ন। সিভিল সার্জন বলেন, কয়েক দিন ধরে জেলায় নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্তের হার কিছুটা কম লক্ষ করা যাচ্ছে।