নোয়াখালীতে দোকান কর্মচারীর মৃত্যু নিয়ে রহস্য, মালিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এক দোকান কর্মচারীর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। ওই ব্যক্তির নাম মোবারক হোসেন ওরফে শাওন (২০)। তিনি উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে বেগমগঞ্জ থানার পুলিশ। এ ঘটনায় পুলিশ মোবারকের শ্বশুর আবদুল মতিনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার লাশটি আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজীপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোবারক হোসেন দুই বছর ধরে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের তাহেরা ট্রেডার্সে চাকরি করতেন। প্রায় আট মাস আগে মোবারক দোকানের মালিক আবদুল মতিনের পালক মেয়েকে গোপনে বিয়ে করেন। বিয়ের পর থেকে মোবারক স্ত্রী নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। মোবারকের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। গতকাল সকালে শ্বশুরবাড়ি থেকে দোকানে না গিয়ে মোবারক নিজের বাড়িতে যান। কয়েক ঘণ্টা পরও দোকানে না ফেরায় এবং মুঠোফোন বন্ধ পেয়ে শ্বশুর আবদুল মতিন দুপুরে মোবারককে খুঁজতে তাঁদের বাড়িতে যান। সেখান থেকে মোবারককে দোকানে নিয়ে আসেন তিনি। এরপর সন্ধ্যার দিকে দোকানে মোবারক অসুস্থ হয়ে পড়েন। তখন দোকানের অন্য কর্মচারীরা তাঁকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোবারকের মা শামছুন নাহারের অভিযোগ, আবদুল মতিন তাঁর ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার পর মোবারককে নিজ বাড়িতে আসতে দিতেন না। কখনো এলে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে নিয়ে যেতেন। শনিবার তাঁর ছেলে বাড়িতে আসার পর দুপুরে মতিন নিজে এসে তাঁর ছেলেকে বাড়ি থেকে নিয়ে যান। পরে সন্ধ্যায় তাঁর দোকানের দুই কর্মচারী এসে ছেলের লাশ বাড়িতে দিয়ে চলে যায়। তিনি তাঁর ছেলের মৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক প্রথম আলোকে বলেন, শনিবার সকালে মোবারক হোসেন শ্বশুরবাড়ি থেকে কাউকে কিছু না বলে নিজের বাড়িতে যান। পরে দুপুরে তাঁকে শ্বশুর আবদুল মতিন দোকানে নিয়ে আসেন। সন্ধ্যায় মোবারক দোকানের ভেতর হঠাৎ শ্বশুরকে মাফ করে দিতে বলেন। এ সময় তিনি পড়ে গেলে দোকানের অন্য কর্মচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই এনামুল হক আরও বলেন, দোকানের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে মোবারককে সেখানে নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি। তা ছাড়া মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে আঘাতের কোনো চিহ্নও দেখা যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে দোকানমালিক আবদুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিহত মোবারকের মা বাদী হয়ে থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন।