নোয়াখালীতে দ্বিতীয় দিনেও ঢিলেঢালা লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে এক সপ্তাহের বিশেষ লকডাউনের দ্বিতীয় দিনের চিত্রও ছিল ঢিলেঢালা। লকডাউন চললেও সাধারণ মানুষের মধ্যে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানতে অনাগ্রহ রয়েছে। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ঘুরে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো সোনাপুর ও নতুন বাসস্ট্যান্ডের পরিবর্তে ছয় থেকে সাত কিলোমিটার দূরের পৌরসভা সীমানার বাইরে নোয়াখালী গেট এলাকায় অবস্থান করছে। যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা কিংবা ব্যাটারিচালিত রিকশায় সেখানে গিয়ে ঢাকা, চট্টগ্রাম যাতায়াত করছে। শহরের প্রধান সড়কসহ (আবদুল মালেক উকিল সড়ক) বেশির ভাগ সড়ক ছিল সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার দখলে।
সরেজমিনে আরও দেখা যায়, শহরে মানুষের চলাচলও ছিল স্বাভাবিক। আগের মতোই মানুষ বিনা বাধায় যাতায়াত করছে। কিছু কিছু দোকানপাটে শাটারের কিছু অংশ খোলা রেখে বেচাকেনা চলছে। প্রশাসনের বিধিনিষেধের অজুহাত দেখিয়ে রিকশা ও সিএনজি অটোরিকশাচালকেরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। অনেকে ২০ টাকার ভাড়া ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত আদায় করছেন।
শহরের জেলা জামে মসজিদ মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে এক যাত্রীকে সিএনজিচালিত অটোরিকশাচালকের সঙ্গে ভাড়া নিয়ে ঝগড়া করতে দেখা যায়। রুহুল আমিন নামের ওই যাত্রী ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, তিনি সিএনজিচালিত অটোরিকশায় সব সময় শহরের সোনাপুর থেকে মাইজদী যাতায়াত করতেন ১০ টাকা দিয়ে। লকডাউনের সুযোগে চালক দাবি করছেন ২০ টাকা। কেউ এসব দেখে না, গাড়ির চালকদের কাছে তাঁর মতো সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে।
বেলা ১১টায় জেলা শহর মাইজদীর পৌর বাজারে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের প্রচণ্ড ভিড় লেগে আছে। কাঁচা তরকারি ও মাছ-মাংসের বাজারে দূরদূরান্ত থেকে আসা ক্রেতাদের অনেকের মুখে মাস্ক থাকলেও বিক্রেতাদের বেশির ভাগেরই মুখে মাস্ক নেই। একই চিত্র দেখা গেছে পৌর বাজারের বিভিন্ন দোকানে। শহর ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও ততটা চোখে পড়েনি।
জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, আজ লকডাউনের দ্বিতীয় দিনেও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ জেলা শহর এবং সদর উপজেলার ছয়টি ইউনিয়নে অভিযান চালাচ্ছে। তবে মানুষের মধ্যে লকডাউন মানার আগ্রহ কম। এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, পুরো এলাকা লকডাউন করার পরিপ্রেক্ষিতে বাড়ি বাড়ি লকডাউনের বিষয়ে বেশি জোর দেওয়া হচ্ছে না। এরপরও গতকাল শনিবার নোয়াখালী পৌরসভা এলাকায় ১৭টি বাড়ি লকডাউন করা হয়েছে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ৫ থেকে ১১ জুন লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ৫ থেকে ১১ জুন লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। যে ছয়টি ইউনিয়নে লকডাউন দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে নোয়ান্নই, কাদিরহানিফ, নেয়াজপুর, বিনোদপুর, অশ্বদিয়া ও নোয়াখালী।