নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামিকে প্রেমের ফাঁদে ফেলে গ্রেপ্তার
ধর্ষণ মামলার পলাতক আসামিকে প্রেমের ফাঁদে ফেলে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ। গ্রেপ্তার আসামির নাম মো. আইমুন ভূঁইয়া (২৬)। গতকাল বুধবার রাত ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আইমুন সেনবাগে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে তাঁকে গ্রেপ্তারে এক নারীর প্রেমের ফাঁদে ফেলে পুলিশ। গতকাল রাতে আইমুন ওই নারীর সঙ্গে দেখা করতে চট্টগ্রামের সি বিচ এলাকায় যান। সেখানে আগে থেকে অবস্থান করা সেনবাগ থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২০ আগস্ট এক প্রবাসীর স্ত্রী তাঁর বান্ধবীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যান। সেখানে মো. ফরহাদ নামের এক যুবক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন। এ কাজে তাঁকে সহায়তা করেন আইমুনসহ আরও কয়েকজন। ওই ঘটনায় ২৩ আগস্ট থানায় গৃহবধূ ফরহাদ, আইমুনসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন।