নোয়াখালীতে ধানখেত থেকে কিশোরের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি ধানখেত থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার পুলিশ চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বক্সি ব্যাপারী বাড়িসংলগ্ন ধানখেত থেকে লাশটি উদ্ধার করে।
তাৎক্ষণিক পুলিশ ওই কিশোরের পরিচয় নিশ্চিত হতে পারেনি। তবে তার বয়স আনুমানিক ১৫ বছর।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় এক নারী ওই ধানখেতে গরুর গোবর খুঁজতে যান। এ সময় তিনি এক কিশোরের হাত-পা ও মুখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে বিষয়টি থানায় জানানো হয়। কিন্তু স্থানীয় কিংবা আশপাশের এলাকা থেকে আসা কেউ নিহত কিশোরের পরিচয় শনাক্ত করতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরের লাশের পাশে একটি মাস্ক, একটি পেঁয়াজ, এক জোড়া হাতমোজা ও একটি ম্যাচ পাওয়া গেছে। স্থানীয় লোকজন ধারণা করছেন, ওই কিশোরকে অন্য কোথাও থেকে এনে ঘটনাস্থলে হাত-পা ও মুখ বেঁধে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, নিহত কিশোরের পরিচয় এখন তাঁরা শনাক্ত করতে পারেননি। তবে পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই কিশোরকে ঘটনাস্থলে এনে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পরিদর্শক এস এম মিজানুর রহমান বলেন, উদ্ধার করা লাশটি কোম্পানীগঞ্জ থানায় নেওয়া হবে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।