নোয়াখালীতে নতুন করে আরও ২৫ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৭।
আজ শনিবার বিকেলে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৪০ জন।
জানতে চাইলে জেলার সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, করোনা শনাক্ত হওয়া নতুনদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ১০ জন, বেগমগঞ্জে ৩ জন, কোম্পানীগঞ্জে ১ জন, সেনবাগে ১ জন, কবিরহাটে ৬ জন ও সুবর্ণচরে ৪ জন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নোয়াখালীর বিভিন্ন উপজেলার ১০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের ফলাফল ‘পজিটিভ’ পাওয়া গেছে।
সূত্র জানায়, এ পর্যন্ত উপজেলাভিত্তিক আক্রান্তের হিসাব—নোয়াখালী সদরে ৫৫৩ জন, সুবর্ণচরে ৬৩ জন, হাতিয়ায় ১২ জন, বেগমগঞ্জে ৫৬৭ জন, সোনাইমুড়ীতে ৮৮ জন, চাটখিলে ১১০ জন, সেনবাগে ৮৫ জন, কোম্পানীগঞ্জে ৪৪ জন ও কবিরহাটে ১৩৫ জন।