নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের পূর্ব জামতলী গ্রামের মো. বাবলু (৩৫), মো. খোকন ওরফে খোকা (৩২) ও মো. হারুন (৩২); নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কুঠরা মহব্বতপুর গ্রামের সোহেল আলম (২৮) ও চাটখিল উপজেলার খিলপাড়া এলাকার নূর ইসলাম ওরফে বাংলা (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দরজা ভাঙা ও গ্রিল কাটার কয়েকটি যন্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে।