নোয়াখালীতে বালতির পানিতে পড়ে এক বছরের শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে শিশুমৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বালতির পানিতে পড়ে মাহি আক্তার (১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বাতুল্লা (বীরকোট) গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির মো. ইউসূফের মেয়ে।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে একই বাড়ির মতিন মিয়ার রান্নাঘরে উচ্ছিষ্ট পানিভর্তি বালতিতে মাহিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। এ সময় অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাহি আক্তার চার বোনের মধ্যে সবার ছোট। ওই বাড়ির সবার আদরের ফুটফুটে শিশুটির মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছেন না। পরিবারটিতে চলছে মাতম।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন পাটোয়ারী আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, বালতির পানিতে পড়ে একটি শিশুর মৃত্যুর সংবাদ তিনি শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এ বিষয়ে কিছু জানানো হয়নি।